চলমান জাতিসংঘ সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে আলাদা কোনো দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না বলে পরিষ্কার জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পৃথক কোনো বৈঠকের সুযোগ রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

দ্বিপাক্ষিক বনাম বহুপাক্ষিক সফর বৈঠক না হওয়ার কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এটা বাইল্যাটারাল ভিজিট নয়, মাল্টিল্যাটারাল ভিজিট। এর মূল উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে (ইউএন জেনারেল অ্যাসেম্বলি) অংশ নেওয়া। বাইল্যাটারাল ভিজিটের সুযোগ যখন হবে, তখন অন্যভাবে আলোচনার মাধ্যমে বিষয়গুলো এগিয়ে নেওয়া হবে।”

তিনি আরও যোগ করে বলেন, “ইতোমধ্যে আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন এবং বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে সেটি হবে একটি বাইল্যাটারাল বৈঠক।”

পরবর্তী দ্বিপাক্ষিক সফরের পরিকল্পনা ট্রাম্পের আমন্ত্রণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “ওই বিষয়টি আমরা পরবর্তী সময়ে বাইল্যাটারাল ভিজিটের মাধ্যমে, উপযুক্ত সময়ে এবং দুই পক্ষের সুবিধা অনুযায়ী বিবেচনা করবো। তবে এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘ। তাই জাতিসংঘের কার্যক্রমের বাইরে অন্য কোনো বিষয়ে বাইল্যাটারাল আলাপ-আলোচনার তেমন সুযোগ এখানে পাওয়া যাবে না।”