জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরে তাঁর মূল সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
ছোট পরিসরের প্রতিনিধিদলে ঐতিহাসিক সফর এবারের সফরে সরকারের কয়েকজন মন্ত্রিসভার সদস্য, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা প্রতিনিধিদলে রয়েছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, অতীতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শতাদিক সদস্যের বিশাল প্রতিনিধিদল নিয়ে সরকারপ্রধানদের যেতে দেখা গেছে। তবে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে এবার অত্যন্ত ছোট পরিসরে একটি প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এত ছোট প্রতিনিধিদল নিয়ে কোনো প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর এটিই প্রথম।
প্রতিনিধিদলের সদস্যবৃন্দ সরকারি তালিকার তথ্যানুযায়ী, মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, বিশেষ সহকারী, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কর্মকর্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ এই সফরসঙ্গীর মোট সংখ্যা মাত্র ৩৮ জন।
-
বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব: প্রতিনিধিদলে বিশিষ্ট ব্যক্তি হিসেবে স্থান পেয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম।
-
মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ: প্রতিনিধিদলে মন্ত্রিসভার ৫ জন সদস্য এবং প্রতিমন্ত্রী ও উপদেষ্টা মিলে মোট ৭ জন রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
-
অন্যান্য সদস্য: প্রতিনিধিদলে আরও রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন ও রেহান আসিফ আজাদ, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আসিফ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার ও সাইমুম পারভেজ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এম হোসেন।
-
কূটনৈতিক প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অধিবেশনে সভাপতিত্ব করার দায়িত্বে থাকায় তিনি নিউইয়র্কেই রয়েছেন। এ ছাড়া সফরসূচিতে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রধান আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত দূত তারেক মো. আরিফুল ইসলাম প্রতিনিধিদলের অংশ হিসেবে দায়িত্বে থাকবেন।