ছাত্রদল রাজপথে সক্রিয় ভূমিকা না রাখলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ বা আত্মগোপনে পাঠিয়ে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, “ছাত্রলীগের ভয়ে যারা আগে গোপনে ছিল কিংবা ছাত্রলীগ সেজে বেঁচে ছিল, তারা আজ কীভাবে ছাত্রদলকে পিটিয়ে রাজশাহী ছাড়া করতে চায়? ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে, এই রাজনৈতিক বাস্তবতা কেন এরা বুঝতে চায় না?”
তিনি অভিযোগ করেন, বর্তমানে বিরোধী দলে অবস্থান করেও জামায়াত-শিবির সরকারি দলের নেতাকর্মীদের এলাকাছাড়া করার মতো উগ্র আচরণ দেখাচ্ছে। দলটি ইতোমধ্যে ‘মজলুম থেকে জালিমে’ রূপান্তরিত হয়েছে বলে দাবি করে তিনি মন্তব্য করেন, ভবিষ্যতে জামায়াত-শিবির ক্ষমতায় এলে তাদের ভূমিকা কী হবে তা এখনই সহজে অনুমান করা যাচ্ছে।
রাজনৈতিক অতীতের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন সতর্ক করে বলেন, অতীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বিএনপিকে এক দিনও শান্তিতে দেশ চালাতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন, জামায়াত-শিবিরও বর্তমানে হুবহু সেই একই পথ অনুসরণ করছে।
তাই কালক্ষেপণ না করে দ্রুত দলটির রাজনৈতিক লাগাম টেনে ধরা না হলে দেশের সার্বিক পরিস্থিতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের মতোই আবারও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।