ঢাকার সড়কে ব্যাটারিচালিত ই-রিকশার চলাচলে শৃঙ্খলা ফেরাতে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে নিবন্ধনের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। তবে ফরম সংগ্রহ করলেই ই-রিকশা চালানোর অনুমতি পাওয়া যাবে না। নিবন্ধনের জন্য নির্ধারিত নীতিমালা অনুসরণ করে যানবাহন প্রস্তুত করতে হবে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদন নিতে হবে।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, সব শর্ত পূরণ করে আবেদন জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে নিবন্ধন দেওয়া হবে। ই-রিকশা তৈরি ও মেরামতের জন্য নির্দিষ্ট ওয়ার্কশপ এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে ওয়ার্ড বা থানা পর্যায়ে চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

ই-রিকশার সংখ্যা ও চলাচল নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটিকে চারটি জোনে ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী ৫ নভেম্বর সিটি করপোরেশন ও পুলিশের যৌথ সভায় অঞ্চলভিত্তিক ই-রিকশার সংখ্যা নির্ধারণ করা হবে।

প্রশাসক জানান, একসঙ্গে সব ই-রিকশা বন্ধ না করে পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনা হবে। প্রথম ধাপে শর্ত পূরণকারী ই-রিকশাগুলোকে নিবন্ধনের অনুমতি দেওয়া হবে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, প্রতিটি আবেদন ফরমের মূল্য ১০০ টাকা। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগর ভবন ও সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি ফরম নিতে পারবেন।