বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করলেও তার সফরের বিরোধিতা করে মাঠে নামেন দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রবিবার রাতে একই এলাকায় দুই পক্ষ অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান ও বক্তব্য দিতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জ্যাকসন হাইটসের আশপাশে নিউইয়র্ক পুলিশের সদস্যরা অবস্থান নেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। দুই পক্ষের বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকার পথে ছিলেন। বাংলাদেশ সময় সোমবার ভোরে তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতেই প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। জাতিসংঘে এটিই হবে তারেক রহমানের প্রথম প্রধান ভাষণ। এর আগে তার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়াও রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতেও রাজনৈতিক তৎপরতা বেড়েছে। জ্যাকসন হাইটসসহ নিউইয়র্কের বিভিন্ন এলাকায় চলছে সভা, সমাবেশ ও স্বাগত কর্মসূচি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা নিউইয়র্কে আসতে শুরু করেছেন। এর মধ্যেই প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক বিভাজনের চিত্রও প্রকাশ্যে এসেছে।