আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে উপস্থিত থাকা নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে নিহতের বাবা আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করলে পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায়।
পরবর্তীতে তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানালে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যৌক্তিকতা তুলে ধরে। শুনানি শেষে বিচারক আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।