অনেকেই নতুন কারও সঙ্গে কথা বলতে গেলে অস্বস্তি বা মানসিক চাপ অনুভব করেন। ফলে আবহাওয়া, কাজ কিংবা দৈনন্দিন বিষয় নিয়েই কথাবার্তা সীমাবদ্ধ থাকে। তবে একটু আন্তরিকতা ও মনোযোগ থাকলে সাধারণ আলাপও ধীরে ধীরে অর্থবহ কথোপকথনে পরিণত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, গভীর আলাপের জন্য প্রথম পদক্ষেপটি নিজেকেই নিতে হবে।
কথোপকথন শুরু করার সময় খুব ব্যক্তিগত প্রশ্ন দিয়ে শুরু করার প্রয়োজন নেই। বরং নিজের সম্পর্কে ছোট কোনো কথা শেয়ার করে অন্য ব্যক্তিকে স্বাভাবিকভাবে কথা বলার সুযোগ দেওয়া যেতে পারে। একে পারস্পরিক আত্মপ্রকাশ বলা হয়। পাশাপাশি পোশাক, কোনো সাম্প্রতিক ঘটনা বা ব্যক্তির আগ্রহের বিষয় নিয়ে আন্তরিক মন্তব্য করেও আলাপের শুরুটা সহজ করা যায়।
এরপর প্রশ্ন করার ধরনেও পরিবর্তন আনতে হবে। শুধু তথ্য জানার জন্য প্রশ্ন না করে এমন কিছু জানতে চাওয়া উচিত, যাতে অন্য ব্যক্তি নিজের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করতে পারেন। যেমন 'এই সিদ্ধান্তটি আপনার কাছে কেন গুরুত্বপূর্ণ ছিল?' কিংবা 'এই অভিজ্ঞতা থেকে কী শিখেছেন?' এ ধরনের প্রশ্ন সাধারণ কথাবার্তাকে আরও গভীর করে তুলতে পারে।
তবে ভালো কথোপকথনের জন্য শুধু প্রশ্ন করাই যথেষ্ট নয়, মন দিয়ে শোনাটাও জরুরি। অন্য ব্যক্তি কথা বলার সময় বারবার বাধা না দিয়ে তাঁর বক্তব্য বোঝার চেষ্টা করা উচিত। কথার মাঝে কিছুটা নীরবতা তৈরি হলেও অস্বস্তিতে পড়ে দ্রুত বিষয় পরিবর্তন করার প্রয়োজন নেই। স্বাভাবিক সেই বিরতিকে মেনে নিতে পারলে কথোপকথন আরও আন্তরিক হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অন্য মানুষটি গভীরভাবে কথা বলতে আগ্রহী নন এমন ধারণা আগে থেকেই করে নেওয়া ঠিক নয়। গবেষণায় দেখা গেছে, মানুষ অর্থবহ কথোপকথনের পর অনেক সময় নিজেকে আরও বোঝা ও অন্যের সঙ্গে সংযুক্ত মনে করেন। তাই আন্তরিক কৌতূহল, মনোযোগ দিয়ে শোনা এবং সঠিক প্রশ্নের মাধ্যমে দৈনন্দিন ছোট আলাপও ধীরে ধীরে একটি গভীর ও সুন্দর সম্পর্কের ভিত্তি তৈরি করতে পারে।