স্বাস্থ্যখাতের উন্নয়ন সরকারের বড় সাফল্যের অন্যতম মাপকাঠি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। যেসব হাসপাতালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশি রোগী চিকিৎসা নিতে আসেন, সেসব প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারভেনশনাল পালমোনোলজি সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী জানান, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চিকিৎসকদের দক্ষতা বাড়াতেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তাঁর মতে, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অবকাঠামোর পাশাপাশি চিকিৎসকদের সক্ষমতা বৃদ্ধিও জরুরি।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০০৫ সালে হাসপাতালটি উদ্বোধন করা হলেও দীর্ঘ ২১ বছর পর সেখানে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হলো। নতুন করে যুক্ত হয়েছে ৪০টি আইসিইউ শয্যা। এতে সংকটাপন্ন রোগীদের চিকিৎসার সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।