রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ব্যাগটি ঘিরে সন্দেহ তৈরি হলে তল্লাশি চালিয়ে এসব ককটেল পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার সংলগ্ন একটি ছয়তলা ভবনের নিচে গলির মুখে একটি পুরোনো বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সেটিতে তল্লাশি চালালে ১০টি ককটেল উদ্ধার করা হয়।

খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে ককটেলগুলো নিজেদের হেফাজতে নেয়। এরপর রাত ১০টা ২৫ মিনিটে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ মাঠে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

ককটেলগুলো সেখানে কারা রেখে গেছে, তা জানতে কাজ করছে যাত্রাবাড়ী থানা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।