বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে টানা ২৩ সপ্তাহ অবস্থান করে সংগীতের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন মার্কিন গায়িকা এলা ল্যাংলি। তাঁর জনপ্রিয় গান ‘চুজিন’ টেক্সাস’ ভেঙে দিয়েছে মারায়া কেরির দীর্ঘদিনের রেকর্ড।

১৯৯৪ সালে প্রকাশিত মারায়া কেরির ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ গানটি মোট ২২ সপ্তাহ বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে ছিল। গত সপ্তাহে কেরির রেকর্ডে ভাগ বসিয়েছিল ‘চুজিন’ টেক্সাস’। এবার ২৩তম সপ্তাহেও এক নম্বরে থেকে এককভাবে রেকর্ডটির মালিক হলেন এলা ল্যাংলি।

তবে ল্যাংলির এই রেকর্ড কত দিন অক্ষুণ্ন থাকবে, তা নিয়ে কৌতূহল থাকছেই। কারণ, প্রতি বছর বড়দিনের মৌসুমে ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ আবারও বিলবোর্ডের শীর্ষে উঠে আসে। ফলে বছরের শেষ দিকে কেরির গানটি এক নম্বরে ফিরলে রেকর্ড পুনরুদ্ধারের সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে, তার আগেই ‘চুজিন’ টেক্সাস’ আরও কয়েক সপ্তাহ শীর্ষে থাকলে দুই গানের ব্যবধান আরও বাড়বে।

গানটির আরেকটি উল্লেখযোগ্য সাফল্য হলো, বিলবোর্ড হট ১০০-তে এর অবস্থান ইতিমধ্যে ৪৮ সপ্তাহ পূর্ণ হয়েছে। অর্থাৎ প্রায় অর্ধেক সময়ই গানটি ছিল তালিকার এক নম্বরে। দীর্ঘ সময় ধরে শীর্ষে থাকার পরও শ্রোতাদের আগ্রহ কমেনি। বরং নতুন শ্রোতাদের কাছেও গানটি জনপ্রিয় হয়ে উঠছে।

চলতি সপ্তাহে ‘চুজিন’ টেক্সাস’-এর অফিশিয়াল স্ট্রিম ২ কোটি ১৮ লাখে নেমেছে, যা আগের সপ্তাহের তুলনায় ৯ শতাংশ কম। তবে রেডিও এয়ারপ্লেতে গানটির শ্রোতা বেড়েছে ২ শতাংশ। এ সপ্তাহে রেডিও থেকে গানটি পেয়েছে ৫ কোটি ৮৩ লাখ শ্রোতা। বিলবোর্ডের স্ট্রিমিং সং ও ডিজিটাল সং—দুই তালিকাতেই গানটি রয়েছে শীর্ষে।

এলা ল্যাংলির সাফল্য শুধু একটি গানেই সীমাবদ্ধ নয়। তাঁর অ্যালবাম ‘ড্যান্ডেলিয়ন’ও বিলবোর্ড ২০০-তে ভালো অবস্থান ধরে রেখেছে। গত সপ্তাহে শীর্ষে থাকা অ্যালবামটি এ সপ্তাহে জেনি আইকোর ‘ওয়েস্টসাইড উইমজি’ প্রকাশের পর নেমে গেছে দ্বিতীয় স্থানে। হট ১০০-এর শীর্ষ দশেও ল্যাংলির দুটি গান রয়েছে—এক নম্বরে ‘চুজিন’ টেক্সাস’ এবং দশ নম্বরে ‘বি হার’।

এ সপ্তাহের বিলবোর্ড হট ১০০-এর শীর্ষ তিনটিতেই রয়েছে কান্ট্রি সংগীতের গান। ল্যাংলির ‘চুজিন’ টেক্সাস’ প্রথমে, স্টেলা লেফটির ‘বস্টন’ দ্বিতীয় এবং মরগ্যান ওয়ালেনের ‘বিন বাই নাউ’ তৃতীয় স্থানে রয়েছে। স্টেলা লেফটির গানটিও এ সপ্তাহে প্রথমবারের মতো কান্ট্রি এয়ারপ্লে তালিকার শীর্ষে উঠেছে।

চার্টের সাফল্যের পাশাপাশি সামনে ব্যস্ত পুরস্কারের মৌসুমও অপেক্ষা করছে এলা ল্যাংলির জন্য। ১৬ নভেম্বর গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা হবে। ধারণা করা হচ্ছে, সেখানে একাধিক বিভাগে মনোনয়ন পেতে পারেন তিনি। এর আগে ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন বা সিএমএ অ্যাওয়ার্ডস। এবারের আয়োজনে সর্বোচ্চ ৯টি মনোনয়ন পেয়েছেন ল্যাংলি। ফলে বিলবোর্ডে রেকর্ড গড়ার পর এবার পুরস্কারের মঞ্চেও তাঁর সাফল্যের দিকে নজর থাকবে সংগীতপ্রেমীদের।