থ্রিলার গল্পে নিজের আলাদা ধারা তৈরি করেছেন নির্মাতা ভিকি জাহেদ। নাটক কিংবা ওয়েব সিরিজ—প্রতিটি কাজেই চেনা গল্পের বাইরে গিয়ে দর্শকদের জন্য টানটান উত্তেজনা ও চমক হাজির করেছেন তিনি। এবার বাংলার রূপকথার পরিচিত ‘প্রাণভোমরা’ ধারণাকে কেন্দ্র করে নতুন সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন এই নির্মাতা।
‘প্রাণভোমরা’ নামের এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তৌসিফ মাহবুব। এর আগে ভিকি জাহেদের ‘চক্র’ সিরিজের দুই সিজনে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। এবারও নির্মাতার নতুন গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। তৌসিফের পাশাপাশি সিরিজটিতে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিও বারান্দায় ‘প্রাণভোমরা’ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া। সিরিজটি চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে।
সিরিজটির গল্পে মানুষের শরীর একসময় হারিয়ে গেলেও তার অনুভূতি, আবেগ ও ভালোবাসা কি শেষ হয়ে যায়—এমন প্রশ্নকে সামনে রাখা হয়েছে। অতীতের কোনো অনুভূতি কি আবার ফিরে আসতে পারে, সেই রহস্যের উত্তর খুঁজতে এগিয়ে যাবে ‘প্রাণভোমরা’র গল্প।
নতুন সিরিজ প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, চ্যানেল আই এমন কিছু গল্প নির্মাণের সুযোগ দিয়েছে, যেগুলো নিয়ে অন্য প্রযোজকেরা কাজ করতে হয়তো সাহস পেতেন না। এ কারণে চ্যানেল আই ও আইস্ক্রিনের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
তৌসিফের সঙ্গে নতুন শিল্পীকে নেওয়ার প্রসঙ্গে ভিকি বলেন, সাধারণত প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করলেও এবার নতুন একজনকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তৌসিফের পাশাপাশি শ্রেয়সী শ্রেয়া ছাড়াও সিরিজটিতে আরও কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী থাকবেন বলে জানান তিনি।
ফরিদুর রেজা সাগর বলেন, ‘প্রাণভোমরা’ নামটির মধ্যেই প্রাণ ও হৃদয়ের বিষয়টি রয়েছে। সিরিজের চরিত্রগুলো ভালোবাসা ও নিজেদের অনুভূতির কথা বলবে। আইস্ক্রিনের কনটেন্ট দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ায় একের পর এক নতুন সিরিজ নির্মাণের সুযোগ তৈরি হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে নতুনদের সঙ্গে কাজ করার বিষয়ে ইতিবাচক তৌসিফ মাহবুব। তিনি বলেন, নতুন অভিনয়শিল্পীদের মধ্যে ভালো কাজ করার প্রবল আগ্রহ থাকে। নিজেও একসময় নতুন ছিলেন উল্লেখ করে তিনি জানান, সুযোগ না পাওয়া নতুন শিল্পীদের পাশে নিজের জায়গা থেকে কিছুটা অবদান রাখতে চান। ‘প্রাণভোমরা’য় নতুন অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়ার যুক্ত হওয়াকেও ইতিবাচকভাবে দেখছেন তিনি।
আগামী অক্টোবর থেকে ‘প্রাণভোমরা’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শুটিং ও নির্মাণকাজ শেষ হওয়ার পর যথাসময়ে আইস্ক্রিনে সিরিজটি মুক্তি দেওয়া হবে।