রাজধানী ঢাকার যানজট নিরসন ও পরিবহন শৃঙ্খলা ফেরাতে আগামী তিন মাসের মধ্যে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়াতে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
আজ শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের জন্য নতুন বরাদ্দকৃত জায়গা পরিদর্শনে এসে তিনি এসব তথ্যের কথা জানান।
টার্মিনাল ও ডিপো পৃথকীকরণের উদ্যোগ পরিদর্শনকালে বাস মালিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে মহাখালী বাস টার্মিনালের ৮০টি বাস রাখার মতো একটি নতুন জায়গা আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, “বর্তমান সরকার বাস ডিপো ও টার্মিনাল আলাদা করার নীতিগত কাজ করছে। ঢাকার তীব্র যানজটের অন্যতম প্রধান কারণ গুলিস্তান ও ফুলবাড়িয়া টার্মিনাল, যা আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে মহাখালী টার্মিনাল নিজ স্থানে থাকলেও এর ডিপো স্থানান্তর করা হবে পূর্বাচলে।”
উচ্ছেদ অভিযানে হামলায় জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা মহাখালীতে পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার আরও জানান, সম্প্রতি মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চলাকালে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।
ডিএমপি কমিশনারের উপস্থিতিতে পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করে বলেন, রাজধানীর বাস টার্মিনাল কেন্দ্রিক দীর্ঘদিনের যানজট নিরসনে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।