ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে পুনঃখনন কাজ শুরু হয়েছে। প্রকল্পের আওতায় প্রথম ধাপে লেকের নিচে জমে থাকা স্ল্যাশ উত্তোলন ও অপসারণ করা হবে। এরপর লেকের পানি পরিষ্কার, সাইডওয়াল সংস্কার, বিদ্যমান ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং লাইটিংয়ের ব্যবস্থা করা হবে। পাশাপাশি নাগরিকদের বিনোদনের জন্য ক্যাফে ও বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
শিশুদের বিনোদনের জন্য লেকে স্পিডবোটের ব্যবস্থা রাখার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। ধানমন্ডি লেককে ঘিরে পুরো এলাকার রাস্তা, ফুটপাত ও আলোকসজ্জার উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ‘নজরুল মঞ্চ’ নামে একটি সাংস্কৃতিক মঞ্চ নির্মাণ করা হবে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি লাইব্রেরি, ক্যাফে ও পড়াশোনার সুযোগ থাকবে। এর মাধ্যমে ধানমন্ডি লেককে ঢাকার মানুষের জন্য রবীন্দ্র সরোবরের আদলে একটি উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, লেকের উন্নয়ন কাজ বাস্তবায়নের পাশাপাশি এর পরিবেশ রক্ষায় নাগরিকদের সচেতনতা জরুরি। ধানমন্ডিবাসীসহ ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের সহযোগিতায় লেকের সৌন্দর্য ও পরিবেশ দীর্ঘমেয়াদে বজায় রাখা সম্ভব হবে।