রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালীকরণ ও চলমান সংস্কারে যুক্তরাজ্যের সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, দক্ষতা উন্নয়ন ও মানবাধিকার নিয়ে আলোচনা হয়।
রোহিঙ্গা সংকটকে শুধু মানবিক সমস্যা নয়, আঞ্চলিক নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের জন্যও বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এ সময় ব্রিটিশ প্রতিনিধিদল রোহিঙ্গাদের পাশে থাকার পাশাপাশি আন্তর্জাতিক ফোরামে প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেয়। বুধবার প্রতিনিধিদলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনার কথাও জানায়।