পুঁজিবাজারকে আরও আধুনিক ও বিনিয়োগবান্ধব করার উদ্যোগের অংশ হিসেবে নতুন ও আধুনিক ওয়েবসাইট চালু করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওয়েবসাইটটি আগামীকাল থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান মুমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ারসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নতুন ওয়েবসাইটটি ডিজাইন করা হয়েছে। বিনিয়োগকারীদের চাহিদা বিবেচনায় এতে বেশ কিছু নতুন ক্যাটাগরি ও ফিচার যুক্ত করা হয়েছে। ফলে আগের তুলনায় বিনিয়োগকারীরা একই প্ল্যাটফর্ম থেকে আরও বেশি তথ্য সহজে জানতে পারবেন।
তিনি আরও জানান, আগামীকাল থেকে নতুন ওয়েবসাইটটি সবার জন্য উন্মুক্ত হবে। তবে বিনিয়োগকারীদের নতুন ব্যবস্থার সঙ্গে ধীরে ধীরে অভ্যস্ত হওয়ার সুযোগ দিতে পুরোনো ওয়েবসাইটটিও আগামী ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সচল রাখা হবে।
ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময় পর্যন্ত পুরোনো ও নতুন—দুই ওয়েবসাইটই ব্যবহার করা যাবে। ডিসেম্বর ২০২৬-এর পর থেকে শুধু নতুন ওয়েবসাইটটিই কার্যকর থাকবে।