বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং চীনের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ–ইউনান বাণিজ্য ও বিনিয়োগ সংলাপ’। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বেঙ্গল ব্লুবেরি হোটেলে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে ইউনান থেকে আসা ৩০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন। বিসিসিসিআইয়ের নির্বাহী পরিচালক মো. আবু তাহেরের সঞ্চালনায় দুই দেশের ব্যবসায়ীরা বিনিয়োগের সুযোগ, বাজার সম্প্রসারণ এবং সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

স্বাগত বক্তব্যে বিসিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্কের কথা তুলে ধরে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, চীনের বাজারে বাংলাদেশের হোম টেক্সটাইল, তৈরি পোশাক, চামড়া, সামুদ্রিক খাদ্য ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও অন্যান্য জ্বালানি খাতে চীনা প্রযুক্তি ও বিনিয়োগের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।

সংলাপে লানচাং-মেকং উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক লিউ জিয়ে ইউনানের ‘থ্রি ফ্রিজ অ্যান্ড থ্রি ফ্যাসিলিটেশনস’ নীতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ নীতির আওতায় বিদেশি ব্যবসায়ীরা বিনামূল্যে বন্ডেড গুদাম, প্রদর্শনী স্থান ও অনলাইন মার্কেটপ্লেস ব্যবহারের সুযোগ পান। একই সঙ্গে লজিস্টিকস, কাস্টমস ছাড়পত্র ও পরিবহন ব্যবস্থায় বিশেষ সুবিধার কথাও জানানো হয়।

সংলাপে নবায়নযোগ্য জ্বালানি, সৌরশক্তি, ইলেকট্রনিকস ও বৈদ্যুতিক যানবাহন, তৈরি পোশাক, হোম টেক্সটাইল, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ ও স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর, লজিস্টিকসসহ বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া ভবন নির্মাণ প্রযুক্তি, এলিভেটর, অ্যালুমিনিয়াম ও বৈদ্যুতিক সরঞ্জাম, ব্যাংকিং, বাণিজ্য অর্থায়ন, এলপিজি ও জ্বালানি, শিক্ষা এবং প্রযুক্তিগত সহায়তার বিষয়ও উঠে আসে।

সংলাপের শেষ পর্যায়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো, ব্যবসায়িক যোগাযোগ সহজ করা এবং যৌথ বাণিজ্যিক কার্যক্রমের সুযোগ তৈরির লক্ষ্যে বিসিসিসিআই ও চুয়াং ছি বিডি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।