বাহরাইনে প্রবাসজীবন কাটাচ্ছেন এমন বিদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ আরও নমনীয় করতে ওয়ার্ক পারমিট নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রক সংস্থা—লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি (LMRA)।
সম্প্রতি ২০২৬ সালের রেজল্যুশন নম্বর-২ এর মাধ্যমে ২০০৮ সালের পুরোনো রেজল্যুশন নম্বর-৭৬ এর কিছু গুরুত্বপূর্ণ ধারায় সংশোধন আনা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, কিছু নির্দিষ্ট আইনগত শর্ত পূরণ সাপেক্ষে একজন বিদেশি কর্মী এখন থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অন্য কোনো প্রতিষ্ঠানে সাময়িকভাবে কাজ করার সুযোগ পাবেন।
তবে এই নিয়ম চালুর পেছনে কিছু কড়াকড়িও রাখা হয়েছে। অন্য প্রতিষ্ঠানে সাময়িকভাবে কাজ করতে হলে সংশ্লিষ্ট কর্মীর নিজের লিখিত সম্মতির পাশাপাশি তার বর্তমান মালিক বা নিয়োগকর্তা এবং যে প্রতিষ্ঠানে কাজ করতে ইচ্ছুক—উভয় পক্ষেরই অনুমোদন থাকতে হবে। একই সঙ্গে বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রক সংস্থা এলএমআরএর (LMRA) আনুষ্ঠানিক ছাড়পত্র বা অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। এছাড়া কর্মীকে সাময়িকভাবে গ্রহণকারী প্রতিষ্ঠানের বাহরাইনাইজেশন কোটার শর্ত পূরণ করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত ফি পরিশোধের বিধানও রাখা হয়েছে। একই মালিকানাধীন বা একই গ্রুপভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যেও কর্মীদের এই উপায়ে সাময়িকভাবে কাজ করার ক্ষেত্রে বিশেষ সুযোগ রাখা হয়েছে।
প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, এর অর্থ এই নয় যে কর্মীরা যখন-তখন নিজের ইচ্ছেমতো অন্য কোথাও গিয়ে চাকরি বা কাজ করতে পারবেন। সব ধরনের আইনি প্রক্রিয়া ও এলএমআরএর অনুমোদন ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করলে তা সম্পূর্ণ অবৈধ হিসেবে গণ্য হবে এবং এর জন্য মোটা অঙ্কের অর্থ জরিমানার শিকার হতে হতে পারে।
তাই যেকোনো প্রতিষ্ঠানে কাজের জন্য যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্মীদের নিজেদের ওয়ার্ক পারমিটের মেয়াদ ও বৈধতা এবং এলএমআরএর প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করার জোরালো পরামর্শ দেওয়া হয়েছে।