মন্টেনিগ্রোতে বছরে ৫০ হাজারের বেশি কর্মীর চাহিদা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে দেশটিতে দক্ষ জনশক্তি পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিচ। বৈঠকে পর্যটন, নির্মাণ, হসপিটালিটি ও স্বাস্থ্যসেবা খাতে জি-টু-জি পদ্ধতিতে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সহজ ওয়ার্ক পারমিট ও শ্রম অভিবাসন চুক্তির বিষয়েও কথা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, পর্যটন, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান ও ভিসা প্রক্রিয়া সহজীকরণ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশি ওষুধ, চামড়া, সিরামিক ও পাটজাত পণ্য আমদানিতে আগ্রহ দেখিয়েছে মন্টেনিগ্রো।