বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীদের নিয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী তানিশা মুখার্জি। তাঁর প্রশ্ন, এমন নারীদের কি নারীবাদী বলা যায়?
সম্প্রতি এক্সে নিজের মতামত প্রকাশ করে তানিশা বলেন, বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন। তাঁর মতে, এতে ওই পুরুষের স্ত্রীর প্রতি অসম্মান করা হয়। তবে একই সঙ্গে তিনি মনে করেন, এমন সম্পর্কে জড়ানোর জন্য নারী ও পুরুষ—দুই পক্ষেরই দায় রয়েছে।
তানিশার মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেকেই তাঁর বক্তব্যের সঙ্গে একমত হলেও কেউ কেউ এর বিরোধিতা করেন। এক ব্যবহারকারী বলেন, বিবাহিত পুরুষই আগে নিজের স্ত্রী, সন্তান ও বৈবাহিক সম্পর্কের প্রতি দায়বদ্ধতার শপথ নিয়েছেন। তাই এমন ঘটনায় পুরুষের দায়কেও গুরুত্ব দেওয়া উচিত।
অন্যদিকে, আরেক ব্যবহারকারী প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর প্রসঙ্গ টেনে তানিশার বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ আবার বলেন, ইচ্ছাকৃতভাবে কারও সংসারে জড়ালে নারী-পুরুষ উভয়েরই সমালোচনা হওয়া উচিত।
সব মিলিয়ে তানিশার মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
Be the first to comment.
Comments