টেলিভিশন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডস। এবারের ৭৮তম আসরে সবচেয়ে বেশি আলোচনায় ছিল অ্যাপল টিভির সিরিজ ‘উইডোস বে’। এক মৌসুমে ১৪টি পুরস্কার জিতে সিরিজটি গড়েছে নতুন রেকর্ড।
এর আগে এক মৌসুমে সর্বোচ্চ ১৩টি এমি জয়ের রেকর্ড ছিল ২০২৫ সালের কমেডি সিরিজ ‘দ্য স্টুডিও’র। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছে ‘উইডোস বে’। সিরিজটি সেরা কমেডি সিরিজের পাশাপাশি অভিনয়, পরিচালনা ও চিত্রনাট্যসহ বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছে।
এবারের আসরে অভিনয়ের ক্ষেত্রেও দেখা গেছে ব্যতিক্রমী কিছু অর্জন। ‘উইডোস বে’ এবং ‘দ্য বিস্ট ইন মি’—দুই সিরিজের জন্য কমেডি ও লিমিটেড সিরিজ বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ম্যাথিউ রাইস। একই আসরে দুটি ভিন্ন বিভাগে সেরা অভিনেতা হওয়ার ঘটনা এমির ইতিহাসে বিরল।
শুধু তাই নয়, ম্যাথিউ রাইসের ঝুলিতে রয়েছে আরও একটি বড় রেকর্ড। এর আগে ২০১৮ সালে ‘দ্য আমেরিকানস’–এর জন্য ড্রামা বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন তিনি। ফলে ড্রামা, কমেডি ও লিমিটেড সিরিজ—তিন বিভাগেই সেরা অভিনেতার পুরস্কার জেতা একমাত্র অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।
অন্যদিকে ‘হ্যাকস’–এর জন্য সেরা কমেডি অভিনেত্রীর পুরস্কার জিতে টানা পাঁচবার এমি জয় করেছেন জিন স্মার্ট। এ নিয়ে তার মোট এমি পুরস্কারের সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে। একই সংখ্যক এমি জিতে জুলিয়া লুইস-ড্রেফাস ও ক্লোরিস লিচম্যানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ পুরস্কারজয়ীদের তালিকায় রয়েছেন তিনি।
এবারের আসরে ‘দ্য ডিপ্লোম্যাট’–এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যালিসন জেনি। এ নিয়ে তারও এমি জয়ের সংখ্যা আটটিতে পৌঁছেছে। ‘উইডোস বে’র পাশাপাশি এবারের আসরে বেশ ভালো করেছে আরও কয়েকটি সিরিজ। এইচবিওর মেডিক্যাল ড্রামা ‘দ্য পিট’ এবং লিমিটেড সিরিজ ‘ডিটিএফ সেন্ট লুইস’ সাতটি করে পুরস্কার পেয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে এক আসরে ১৪টি পুরস্কার জয়ের রেকর্ডই এবারের এমিতে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে।