বিরোধ বা অভিযোগ সহিংসতায় রূপ নেওয়ার আগেই তা সমাধানে মধ্যস্থতার উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ‘গ্রুপ অব ফ্রেন্ডস অব মেডিয়েশন’-এর ১৬তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে শামা ওবায়েদ বলেন, বিরোধের শুরুতেই মধ্যস্থতার উদ্যোগ নেওয়া গেলে মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এ জন্য মধ্যস্থতা ও শান্তি প্রতিষ্ঠার সক্ষমতা বাড়াতে বিনিয়োগের ওপর গুরুত্ব দেন তিনি। বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা অভিজ্ঞতা তুলে ধরে এ ক্ষেত্রে দেশের বিভিন্ন উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী।
তিনি আঞ্চলিক অংশীদার, স্থানীয় মধ্যস্থতাকারী ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় মালিকানার নীতি সম্মান এবং জাতিসংঘের প্রতিরোধমূলক কার্যক্রম আরও কার্যকর করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সংঘাত প্রতিরোধে পূর্বাভাসযোগ্য অর্থায়ন, দ্রুত মোতায়েনযোগ্য মধ্যস্থতা সহায়তা ও আগাম সতর্কতার ভিত্তিতে সময়মতো পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন শামা ওবায়েদ। পাশাপাশি মধ্যস্থতায় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের আহ্বান জানিয়ে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গোপনীয়তা নিশ্চিতের ওপর জোর দেন তিনি।
ফিনল্যান্ড ও তুরস্কের যৌথ আয়োজনে নিউইয়র্কের তুর্কি হাউসে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।