স্বয়ংক্রিয় বট ব্যবহার করে ট্রেনের টিকিট কৃত্রিমভাবে ব্লক করে বেশি দামে বিক্রির অভিযোগে একটি অননুমোদিত ওয়েবসাইটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, ‘bookmyrailbd.com’ নামের ওয়েবসাইটটি বটের মাধ্যমে বিপুল সংখ্যক ই-টিকিট ব্লক করে পরে সেগুলো কালোবাজারে বিক্রি করছিল। এতে সাধারণ যাত্রীরা নির্ধারিত দামে টিকিট কিনতে সমস্যায় পড়ছেন।

এ ঘটনায় ই-টিকিটিং ব্যবস্থার নিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরুরি কারিগরি পদক্ষেপ নিতে বলা হয়েছে। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশকে চিঠি দিয়েছে রেলওয়ে।

ওয়েবসাইটটির পাশাপাশি এর আইপি ঠিকানা ও মোবাইল অ্যাপ বাংলাদেশে বন্ধ করতে বিটিআরসিকেও অনুরোধ জানানো হয়েছে। যাত্রীদের শুধু রেলওয়ের অনুমোদিত ওয়েবসাইট ও ‘Rail Sheba’ অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ দেওয়া হয়েছে।