বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু ও গ্রাউন্ড নিউজ জানিয়েছে, বৈঠকটি ‘খুব ভালো’ হয়েছে।
তিন দিনের পরামর্শ বৈঠকে অংশ নিতে নয়াদিল্লি যাওয়ার পর বুধবার (৭ অক্টোবর) মোদির সঙ্গে বৈঠক করেন ত্রিবেদী। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ঢাকা ও নয়াদিল্লির মধ্যে তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে নতুন করে আলোচনা শুরুর মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হলো। শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে প্রকাশ্যে উপস্থিত হওয়ার পর তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল।
চলতি সপ্তাহের শুরুতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, ভারতে শেখ হাসিনার অবস্থান এবং আওয়ামী লীগের কার্যক্রমই তারেক রহমানের ভারত সফর আয়োজনের ক্ষেত্রে ‘প্রধান চ্যালেঞ্জ’।
এর পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ সম্পর্ক বজায় রাখতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ। দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মাধ্যমে আলোচনায় প্রস্তুত বলেও জানায় ভারত।
নয়াদিল্লি একই সঙ্গে দুই দেশের মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা এবং অভিন্ন অর্থনৈতিক অগ্রগতির ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে।
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে দীর্ঘ সময় ধরে টানাপোড়েন চলছিল। তবে সাম্প্রতিক সময়ে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে দুই দেশেই কিছুটা ইতিবাচক তৎপরতা দেখা যাচ্ছে। এরই অংশ হিসেবে সম্ভাব্য তারেক-মোদি বৈঠকের প্রস্তুতি নিয়েও দুই দেশের কর্মকর্তারা ইতিবাচক সংকেত দিয়েছেন।
গত মাসে দীনেশ ত্রিবেদী বলেছিলেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই। সফরের আগে বাণিজ্য, ব্যবসা ও পানি বণ্টনসহ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে যথাযথ প্রস্তুতি প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেছেন এবং নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়েছেন। চলতি মাসের শেষ দিকে তার জাপান সফরের সম্ভাবনা রয়েছে বলেও বাংলাদেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে।
তবে এখন পর্যন্ত তার সফরসূচিতে ভারত যুক্ত হয়নি। এর আগে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নিতে নরেন্দ্র মোদির আমন্ত্রণও পেয়েছিলেন তারেক রহমান।
এদিকে মোদি ও ত্রিবেদীর সাম্প্রতিক বৈঠক নিয়ে ভারতের হাইকমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সূত্র: দ্য হিন্দু ও গ্রাউন্ড নিউজ