চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের যোগদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে থেকে মিছিলটি বের হয়।

শিক্ষার্থীরা মিছিল থেকে সাবেক উপাচার্য অধ্যাপক ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা নতুন উপাচার্যের যোগদানের বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন এবং পরবর্তী কর্মসূচি হিসেবে দেয়াল লিখনের ঘোষণা দেন।

মিছিলে অংশ নেওয়া তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকরাম হোসেন সুজন বলেন, বৃহস্পতিবার অধ্যাপক শেখ শরীফুল আলমের যোগদানের বিষয়টি জানার পরই এর প্রতিবাদে বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, শিক্ষকরা রোববার থেকে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীরাও নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক শরীফুল আলমকে মেনে নিতে চান না।

এর আগে বৃহস্পতিবার ক্যাম্পাসে সরাসরি উপস্থিত না হয়ে রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত যোগদানপত্র পাঠান অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এতে চুয়েটের উপাচার্য পদে তার যোগদানের কথা উল্লেখ করা হয়। এরপরই তার যোগদানের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।