প্রথমবারের মতো মা হলেন বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা ও ভক্তদের কাছে 'মাদার মনস্টার' নামে পরিচিত লেডি গাগা। তাঁর পুরো নাম স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা। বাগদত্তা উদ্যোক্তা মাইকেল পোলানস্কির সঙ্গে এটি তাঁর প্রথম সন্তান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম পিপল এই সুখবর নিশ্চিত করেছে। সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে লেডি গাগার অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘদিন ধরেই মাতৃত্বের স্বপ্নের কথা প্রকাশ্যে বলে আসছিলেন এই পপ তারকা। অবশেষে সেই স্বপ্ন পূরণ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা।

দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালের এপ্রিলে বাগদান সারেন লেডি গাগা ও মাইকেল পোলানস্কি। তবে তাঁদের সম্পর্কের শুরুটা আরও কয়েক বছর আগে। কোভিড-১৯ মহামারির সময় একসঙ্গে কোয়ারেন্টাইনে থাকার মধ্য দিয়ে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। মালিবুতে গাগার বাড়িতে এক বছরেরও বেশি সময় একসঙ্গে কাটিয়েছেন তাঁরা। ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতিচারণ করে পোলানস্কি জানিয়েছিলেন, মহামারির সেই সময়টিতে তাঁরা একসঙ্গে হাঁটতে যেতেন, কফি তৈরি করতেন, কুকুরের সঙ্গে সময় কাটাতেন এবং পাশাপাশি বসে বই পড়তেন। দৈনন্দিন জীবনের এমন ছোট ছোট মুহূর্তই তাঁদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলেছিল।

মা হওয়ার স্বপ্ন অবশ্য গাগার বহুদিনের। ২০১৩ সালে ২৭ বছর বয়সে এক সাক্ষাৎকারে অন্তত তিনটি সন্তান নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। পারিবারিক জীবন গড়ে তোলার স্বপ্নও ছিল তাঁর দীর্ঘদিনের। দীর্ঘ ১৩ বছর পর সেই স্বপ্নই যেন পূর্ণতা পেল। মঞ্চের আলো, সংগীতের সাফল্য আর কোটি ভক্তের ভালোবাসার পাশাপাশি গাগার জীবনে শুরু হলো নতুন এক অধ্যায় মাতৃত্ব। প্রিয় তারকার এই নতুন যাত্রায় শুভেচ্ছায় ভাসাচ্ছেন তাঁর অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীরা।