সমুদ্রের নীল জলরাশি, বিকেলের মায়াবী আলো আর খোলা বাতাস সব মিলিয়ে ভিন্ন এক আবহে ধরা দিয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার নতুন কিছু ছবি ইতোমধ্যে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে। ছবিগুলো ঘিরে যেমন প্রশংসা এসেছে, তেমনি দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়াও। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন দীঘি। ছবিতে জলপাই, কালো ও হালকা নীল রঙের শাড়ির সঙ্গে ফ্লোরাল ডিজাইনের ব্লাউজ পরেছেন তিনি। খোলা চুল, সমুদ্রের বাতাস আর প্রাকৃতিক পরিবেশে বেশ স্বতঃস্ফূর্তভাবেই ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাকে।

কখনো সমুদ্রের দিকে তাকিয়ে, কখনো দুই হাত ছড়িয়ে আবার কখনো স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে ছবি তুলেছেন এই অভিনেত্রী। তার পুরো লুকজুড়েই ছিল সরলতা ও আত্মবিশ্বাসের ছাপ। ছবির সঙ্গে দীর্ঘ কোনো ক্যাপশনও দেননি দীঘি। মাত্র দুটি শব্দে নিজের অনুভূতি প্রকাশ করেছেন 'ব্লেসড মেস'। ছবিগুলোর পেছনের পরিবেশ দেখে অনেকেই ধারণা করছেন, এগুলো কক্সবাজার সমুদ্রসৈকতে তোলা। সম্প্রতি একটি প্রচারণামূলক কাজের জন্য সেখানে গিয়েছিলেন দীঘি। কাজের ফাঁকে সমুদ্রপাড়ের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

ছবি প্রকাশের পরই ভক্তদের মন্তব্যে ভরে যায় পোস্টটি। কেউ দীঘির সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ আবার তার সাজ ও ছবির প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না।’ অন্য একজনের মন্তব্য, ‘তুমি এত সুন্দর কেন?’ তবে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি কিছু নেতিবাচক প্রতিক্রিয়াও দেখা গেছে। যদিও এসব নিয়ে খুব একটা মাথা ঘামান না দীঘি। অভিনয়ে কিছুটা বিরতি থাকলেও প্রচারণামূলক বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সমুদ্রপাড়ের এই ছবিগুলো প্রকাশের মাধ্যমে আবারও ভক্তদের আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।