গত বছরের ভালোবাসা দিবসে নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের সাজে সেসময়ও ভক্তদের নজর কেড়েছিলেন তিনি। এবার দেড় বছর পর ফের বিয়ের সাজে দেখা গেল এই অভিনেত্রীকে। তবে এবার সেটি বাস্তবের বিয়ে নয়, কাজের প্রয়োজনে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন ‘সাবা’ অভিনেত্রী। ছবিতে সাদা শাড়িতে স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ সাজে দেখা গেছে তাকে।
শাড়িজুড়ে সূক্ষ্ম নকশা ও কারুকাজের পাশাপাশি মাথায় সাদা লেসের ওড়না, কপালে টিকলি ও কানে ঝোলানো দুলে ঐতিহ্যবাহী আবহ ফুটে উঠেছে। গলায় একাধিক স্তরের সোনালি ও পান্না রঙের পাথর বসানো ভারি নেকলেস, হাতে চুড়ি ও আংটি তার সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘দিনের বিয়ে কিংবা রাতের, সেটা কোনো বিষয় না। নিজের বিশেষ মুহূর্তের জন্য আকর্ষণীয় রূপেই সাজো।’
মেহজাবীনের নতুন এই সাজে মুগ্ধ হয়েছেন তার অনুসারীরা। অনেকে মন্তব্য করেছেন, বিয়ের দিনের সাজের চেয়েও এবার তাকে বেশি সুন্দর লাগছে। কেউ কেউ এই সাজকে ‘সত্যিকারের বউয়ের সাজ’ বলেও প্রশংসা করেছেন।
এদিকে অভিনয়ে ইদানীং তুলনামূলক কম দেখা যাচ্ছে মেহজাবীনকে। তবে হাতে রয়েছে নতুন সিনেমার কাজ। ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে অভিনয় করবেন তিনি। আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।