ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে এখন রুপালি পর্দায় তুলনামূলক কম দেখা গেলেও সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি। নিজের নানা অনুভূতি ও দৈনন্দিন মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিয়মিতই ভাগ করে নেন এই অভিনেত্রী।

সম্প্রতি হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস ‘তন্দ্রাবিলাস’ হাতে সামাজিক মাধ্যমে হাজির হয়েছেন পরীমনি। নীল শাড়িতে নিজেকে সাজিয়ে বই পড়ার মুহূর্তের কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) ছবিগুলো শেয়ার করেন পরীমনি। ছবিতে নীল শাড়িতে দেখা যায় তাকে। পরিপাটি করে খোঁপা করা চুল আর মুখের মৃদু হাসিতে শান্ত ও নান্দনিক এক আবহ তৈরি হয়েছে ছবিগুলোতে।

কখনো বইটি বুকে জড়িয়ে, আবার কখনো এর পাতা উল্টাতে দেখা যায় অভিনেত্রীকে। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীরা তার সাজ ও উপস্থিতির প্রশংসা করেন।

ছবির সঙ্গে ছন্দময় ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’

হুমায়ূন আহমেদের বই হাতে পরীমনির এমন নান্দনিক উপস্থিতি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।