‘ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই আসেন’—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য আসেন।’
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ী মোড়সংলগ্ন চত্বরে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপি রাজপথে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। তাঁর দাবি, গণতন্ত্র নস্যাৎ করতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দুটি বাসে আগুন দিয়ে বা কোনো ধরনের নাশকতার মাধ্যমে জনগণের মধ্যে ভয় সৃষ্টি করা যাবে না। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় বিএনপি প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিচারের প্রসঙ্গে ইয়াসের খান বলেন, অভিযুক্তদের আইনের আওতায় এনে জনগণের মাধ্যমে বিচার করা হবে। এ জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে দুপুরে শহরের রথখলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বক্তব্য দেন। কর্মসূচিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।