দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারসংকট চরম আকার ধারণ করেছে। জনগণের এই কষ্টের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করলেও সরকার এসব কথা বলতে দিচ্ছে না। তাই বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলায় এক সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত জনগণের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, সাধারণ মানুষ নানা সংকটে কষ্টে আছে। সংসদের ভেতরে জনগণের দুর্ভোগের কথা বলার সুযোগ না পাওয়ায় তাঁদের অধিকার আদায়ে রাজপথে আন্দোলনে নামতে হয়েছে।

জামায়াত আমিরের আগমন উপলক্ষে স্থানীয় মাদ্রাসা মাঠে সাধারণ মানুষের সমাগম ঘটে। সেখানে দেওয়া বক্তব্যে তিনি চলমান বিদ্যুৎ ও সারসংকটের কঠোর সমালোচনা করেন এবং বিরোধী দলকে সংসদে কথা বলতে না দেওয়ার অভিযোগ তোলেন।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় কর্মসূচি অনুযায়ী, ধুনট সফর ও কবর জিয়ারত শেষে সকাল পৌনে ১১টায় বগুড়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে শফিকুর রহমানের। পরে দুপুর ১২টায় বগুড়া জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।