সরকারদলীয় নেতাকর্মীদের জন্য ‘গণভিক্ষা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর ভাষ্য, একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে কারও দেওয়া ১ টাকাও ভূমিকা রাখতে পারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির কথা জানান হাসনাত।

পোস্টে তিনি লেখেন, ১৭ বছর ধরে সরকারদলীয় ‘অনাহারী’ নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি নেওয়া হয়েছে। তাঁর আহ্বান, মানুষ যেন ভিক্ষা দেন, কারণ ১ টাকার এই সহায়তাও কাউকে চাঁদাবাজি থেকে দূরে রাখতে পারে।

হাসনাত জানান, চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ নামে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সোমবার বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে একটি বিশেষ দানবক্স উন্মুক্ত করার কথা রয়েছে।

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি সবাইকে এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দান করার মাধ্যমে চাঁদাবাজি বন্ধ এবং ১৭ বছর ধরে ‘অভুক্ত’ চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে অংশ নেওয়ার কথা বলেন।