দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রাখা সম্ভব নয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল হিসেবে জনগণের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। দেশের বিভিন্ন এলাকায় দখলদারিত্ব ও চাঁদাবাজির ঘটনা ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন সময়ে তিনি অসংলগ্ন মন্তব্য করেছেন এবং দায়িত্ব পালনে ইতিমধ্যে ব্যর্থ হয়েছেন। সংস্কার ইস্যুতেও তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন বলে অভিযোগ করেন নাহিদ। সংসদে পরিস্থিতি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি রাজপথ বা পল্টনের বক্তব্য বলে এড়িয়ে যেতেন বলেও মন্তব্য করেন তিনি।
মিরপুরের রাড্ডা সেন্টারে ভাঙচুরের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, সেখানে তিন ঘণ্টার বেশি সময় ধরে ভাঙচুর চললেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। তাঁর দাবি, এ ঘটনায় স্থানীয় বিএনপির সংশ্লিষ্টতা ও একজন নারী এমপির নাম সামনে এসেছে। পাশাপাশি পুলিশ প্রশাসনের নীরব সহযোগিতার বিষয়টিও উঠে এসেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ঢাকার মতো একটি শহরে টানা তিন ঘণ্টা ধরে ভাঙচুর চলবে এবং প্রশাসন তা বন্ধ করতে পারবে না—এটি স্বাভাবিক ঘটনা হতে পারে না।
নাহিদ ইসলামের অভিযোগ, ৫ আগস্টের পর, অর্থাৎ ৬ আগস্ট থেকে বিএনপির বিরুদ্ধে যে নৈরাজ্য, তাণ্ডব ও দখলদারিত্বের অভিযোগ উঠেছে, মিরপুরের রাড্ডা সেন্টার এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অফিসে ভাঙচুর তারই ধারাবাহিকতা।
তিনি আরও বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। বর্তমানে দেশে কার্যকর কোনো আইনশৃঙ্খলা বাহিনী আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নাহিদ বলেন, সরকার আগে বলেছিল নির্বাচিত সরকার দায়িত্ব নিলে মব তৎপরতা বন্ধ হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠনের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে নিজেদের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণেও সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।