গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগের পর আলোচনায় আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আশরাফুল ইসলাম ওরফে সজলকে (২৬) সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে নয়, ২১ সেপ্টেম্বর শ্রীপুরের জৈনাবাজার এলাকায় মশালমিছিলের ঘটনায় করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়েছে।
আশরাফুল উপজেলার বরামা গ্রামের ইমতিয়াজ উদ্দীনের ছেলে। তিনি এনসিপির শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক আবু রায়হান মেজবাহ।
আশরাফুলের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে আবু রায়হান মেজবাহ বলেন, দলীয় পরিচয় জানা সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দাবি, আশরাফুলকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে বরমী বাজারে প্রতিবাদ মিছিল করেছে এনসিপি। তাঁরা আশরাফুলের মুক্তি দাবি করেছেন।
এদিকে, আশরাফুলের ফেসবুকে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাঁর ফেসবুক আইডিতে ওই পোস্টটি আর পাওয়া যায়নি।
আশরাফুলের মা আসমা আক্তার বলেন, তিন-চার দিন আগে তাঁর ছেলে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। পরে কয়েকজনের অনুরোধে সেটি মুছে ফেলেন। তাঁর দাবি, পুলিশ তাঁকে জানিয়েছে, ফেসবুকে বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট ও মন্তব্য করার কারণেই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, কোনো ফেসবুক স্ট্যাটাসের কারণে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়নি। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের অনেক পরে বিভিন্ন মাধ্যমে তাঁর ফেসবুকের পোস্ট সম্পর্কে জানতে পারেন তাঁরা।
থানা সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মশালমিছিল করেন। ওই ঘটনায় করা মামলায় আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।