জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নতুন তারিখ নির্ধারণ করেন।
ট্রাইব্যুনালের দুই সদস্যের বিচারিক প্যানেল আগামী ২৬ অক্টোবর মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। প্যানেলে সভাপতিত্ব করেন সদস্য মো. শফিউল আলম মাহমুদ। অপর সদস্য হিসেবে ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালতে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা ছিল। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ওই সাক্ষী আদালতে উপস্থিত হতে পারেননি। এ কারণে অক্টোবরের শেষ দিকে সাক্ষ্যগ্রহণের জন্য সময় চাওয়া হয়। পরে আদালত ২৬ অক্টোবর দিন নির্ধারণ করেন।
এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে সালমান এফ রহমান ও আনিসুল হককে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি চলাকালে তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
এর আগে গত ১২ জানুয়ারি তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১। এরপর ২২ ফেব্রুয়ারি থেকে মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে হত্যা, উসকানি ও প্ররোচনাসহ পাঁচটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। গত বছরের ৪ ডিসেম্বর এসব অভিযোগ আমলে নেন একই ট্রাইব্যুনাল।