বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ১২ জন শিক্ষককে এই সম্মাননা দেওয়া হলেও এবার তা বাড়িয়ে ১০০ জন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষককে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদি আমিন।

তিনি বলেন, জাতীয় পর্যায়ে এতদিন ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মানিত করা হতো। এবার প্রথমবারের মতো এ সংখ্যা ১০০ জনে উন্নীত করা হচ্ছে। প্রাথমিক থেকে তৃতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষকদের এ সম্মাননার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মাহদি আমিন জানান, প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিকের সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষকরাও সম্মাননার জন্য বিবেচিত হবেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও তালিকায় রাখা হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চিকিৎসা, কৃষি, প্রকৌশল, বিজ্ঞানসহ বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্র থেকে শিক্ষক নির্বাচন করা হবে।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষকদের তালিকা নিয়ে জাতীয় স্টিয়ারিং কমিটিতে আলোচনা চলছে। যাচাই-বাছাই শেষে সেখান থেকেই চূড়ান্তভাবে গুণী শিক্ষক নির্বাচন করা হবে।

শিক্ষকদের সম্মান ও মর্যাদা আরও বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে যারা কাজ করছেন, তাদের মর্যাদা বৃদ্ধিতে আরও উদ্যোগ নেওয়া হবে।

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দিবসটি উদযাপন এবং নির্বাচিত গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়ার কথা রয়েছে।

সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।