হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথ পড়ান। শপথ অনুষ্ঠানে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
সোমবার সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেবাশীষ রায় চৌধুরী। ব্রিটেন থেকে আইন বিষয়ে ডিগ্রি নেওয়ার পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। এরপর ২০০৭ সালে হাইকোর্ট এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
অতিরিক্ত বিচারপতি হিসেবে দুই বছর দায়িত্ব পালন করলেও বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তখন তাকে স্থায়ী বিচারপতি করা হয়নি। এবার নির্ধারিত বয়সসীমা পূর্ণ হওয়ায় তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তার শপথের মধ্য দিয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতির সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে।