বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের অভিভাবক প্রতিষ্ঠান ‘মেটা’র একটি প্রাতিষ্ঠানিক কার্যালয় স্থাপনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রস্তাব দেন প্রতিমন্ত্রী।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, বৈঠকে বিশ্বজুড়ে মেটা প্ল্যাটফর্মের বৃহৎ ব্যবহারকারী গোষ্ঠী হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি মেটার সর্বাধুনিক প্রযুক্তি ও ডিজিটাল সমাধান কীভাবে বাংলাদেশের প্রসারমাণ ই-কমার্স খাত, স্থানীয় উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
একই সঙ্গে অনলাইনে ক্রমবর্ধমান হয়রানি, অপপ্রচার এবং বিভিন্ন ডিজিটাল নির্যাতন প্রতিরোধে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে মেটা কর্তৃপক্ষের প্রতি বিশেষ আহ্বান জানান শামা ওবায়েদ। বৈঠকে দেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের নানা দিক এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নাগরিক সুরক্ষা নিয়েও জোয়েল কাপলানের সঙ্গে তাঁর গঠনমূলক আলোচনা হয়।
গুরুত্বপূর্ণ এই উচ্চপর্যায়ের বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।