মানিকগঞ্জের সিঙ্গাইরে এক তরুণকে ইটভাটায় ডেকে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার কয়েকজন বন্ধুর বিরুদ্ধে। রোববার রাতে ডেফলতলী এলাকার একটি ইটভাটায় হামলার শিকার হন মো. বশির (২১)। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে যুক্ত বলে তার পরিবার ও সংগঠনের এক নেতা জানিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, রাতে এক বন্ধুর সঙ্গে রেস্তোরাঁয় অবস্থান করছিলেন বশির। সেখান থেকে আরেক বন্ধু তাকে কৌশলে ইটভাটায় নিয়ে যান। সেখানে আগে থেকে থাকা কয়েকজন তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র, হাতুড়ি ও লোহার রড দিয়ে হামলা চালায়।
এ সময় বশিরের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তার দুই পা ও বাঁ হাতের রগ কেটে দেওয়া হয়। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনায় বশিরের বাবা মনির হোসেন সিঙ্গাইর থানায় মামলা করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পরিবারের দাবি, অভিযুক্তরা বশিরের পরিচিত ও বন্ধু।
বশিরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কী কারণে তার ওপর হামলা হয়েছে তা তারা জানেন না। তবে পূর্বশত্রুতার জেরে ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।
সিঙ্গাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, মামলার আসামিরা বশিরের পরিচিত। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।