দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের অভিজ্ঞতা নিতে সাত দিনের সরকারি সফরে জাপানে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তার নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এ সফরে অংশ নিচ্ছে।
সফরের অংশ হিসেবে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত জাপানের স্বাস্থ্য অবকাঠামো, উন্নত চিকিৎসা ব্যবস্থাপনা এবং আধুনিক স্বাস্থ্যসেবা প্রকল্প সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করবেন প্রতিমন্ত্রী ও প্রতিনিধি দলের সদস্যরা। জাপানের স্বাস্থ্য খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও শক্তিশালী করাই সফরের অন্যতম উদ্দেশ্য।
প্রতিনিধি দলে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী, নরসিংদী সদর হাসপাতালের সিভিল সার্জন মো. বুলবুল কবির এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর একান্ত সচিব সারওয়ার সালাম।
গত ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী ও প্রতিনিধি দলের সদস্যরা। ব্যাংকক হয়ে পরদিন ২৭ সেপ্টেম্বর সকালে তারা টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফর শেষে ২ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।