মহান মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গত ছয় মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া গুরুত্বপূর্ণ কার্যক্রম ও সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা যাতে যথাযথ সম্মান পান, সে বিষয়ে সচেষ্ট থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যেন অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করেছে কমিটি।
এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদকে সচল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়, যাতে সংগঠনটি জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে।
বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সদস্য মো. আব্দুল হান্নান এবং রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।