জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সফল অংশগ্রহণ ও পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফেরার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি দূরপাল্লার ফ্লাইট স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা রয়েছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সফর শেষের এ তথ্য নিশ্চিত করেছেন।
ফ্লাইটটি আজ ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে মধ্যরাত ২টায় ঢাকার উদ্দেশে পুনরায় রওয়ানা হয়ে আগামীকাল ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
পাঁচ দিনের এই ঐতিহাসিক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে মাতৃভাষা বাংলায় ভাষণ দেন। বিশ্বমঞ্চে দেওয়া এই বক্তব্যে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), মানবিক সংকট, আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা এবং দীর্ঘদিনের অমীমাংসিত রোহিঙ্গা সংকট সমাধানসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের নীতিগত অবস্থান ও অগ্রাধিকার অত্যন্ত স্পষ্ট ও দৃঢ়ভাবে তুলে ধরেন।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের মূল ধারার বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বিশ্বের একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বৈশ্বিক অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক করেন।