নৃশংসভাবে নিহত অপ্রতিম হত্যার পর এবার তাঁর শোকসন্তপ্ত বাবা-মাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও অচেনা বিভিন্ন ফোন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় তীব্র আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন নিহত অপ্রতিমের পরিবার।
ঘটনা ও সাইবার বুলিংয়ের মুখমুখী হয়ে নিরাপত্তার স্বার্থে অপ্রতিমের মা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম বাধ্য হয়ে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরটি বন্ধ রেখেছেন।
এদিকে এসব অপপ্রচার ও মোবাইল ফোনের মাধ্যমে হয়রানির অভিযোগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
সাইবার বুলিং ও মোবাইল ফোনের মাধ্যমে হয়রানি নিরাপত্তাহীনতা ও হয়রানির বিষয়টি নিশ্চিত করে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া ও বেনামী আইডি খুলে অপ্রতিম এবং তাঁদের পুরো পরিবারকে জড়িয়ে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরও জানান, “একই সাথে আমাদের দুজনের ব্যক্তিগত মোবাইলে অচেনা নানা নম্বর থেকে বারবার কল করে অত্যন্ত অশোভন ও আপত্তিকর আচরণ করা হচ্ছে। এসব অপ্রত্যাশিত ঘটনায় আতঙ্কে আমার স্ত্রী তাঁর মোবাইল নম্বর বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
পুলিশের বক্তব্য ও তদন্ত প্রক্রিয়া সাধারণ ডায়েরির (জিডি) বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) এবং অপ্রতিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রাজিব আহমেদ।
তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং এবং বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও মানসিক নির্যাতনের অভিযোগে নিহত অপ্রতিমের বাবা থানায় একটি জিডি করেছেন। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং জড়িতদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।