দেব-শুভশ্রীর নতুন গানের একটি ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। আসন্ন পূজায় মুক্তি পেতে যাওয়া দেব ও শুভশ্রী অভিনীত ‘দেশু ৭’ সিনেমার চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’ প্রকাশের পরই দৃশ্যটি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গানটির ভিডিওতে কালো শাড়িতে দেখা গেছে শুভশ্রীকে। তার সঙ্গে কালো শার্ট ও ট্রাউজারে রয়েছেন দেব। ভিডিওর ৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৯ সেকেন্ডের দৃশ্যে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেখানে দেবকে চোখ বন্ধ করে শুভশ্রীর গলার কাছে চুমু দিতে দেখা যায়।
একই সময়ে গানের কথায় শোনা যায়, ‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে।’ ক্যামেরায় তখন শুভশ্রীর গলার কাছে একটি লালচে দাগও দেখা যায়। অনেক নেটিজেন এটিকে ‘লাভ বাইট’ বলে মন্তব্য করেছেন।
এরপর ওই দৃশ্যের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ কেউ গানের কথার সঙ্গে দৃশ্যটির মিল খুঁজেছেন, আবার অনেকে বিষয়টি নিয়ে রসিকতাও করেছেন। এমনকি শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর প্রসঙ্গ টেনেও মন্তব্য করেছেন কেউ কেউ।
তবে বিষয়টি শুধু রসিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। দেব ও শুভশ্রীর সাম্প্রতিক কিছু প্রচারণামূলক কর্মকাণ্ড নিয়েও আগে সামাজিক মাধ্যমে আলোচনা হয়েছিল। সিনেমার প্রচারে এক অনুষ্ঠানে দেবকে শুভশ্রীর হাতে চুমু দিতে এবং অন্য এক সময় তাকে কোলে তুলে ছবি তুলতে দেখা যায়। এসব ঘটনার পর নতুন গানের ঘনিষ্ঠ দৃশ্যটিও বাড়তি নজর কেড়েছে।
একসময় সম্পর্কে থাকা দেব ও শুভশ্রী বর্তমানে একে অপরের প্রাক্তন। তবে অভিনয়ের ক্ষেত্রে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন।
আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে অ্যাকশন-রোমান্টিক সিনেমা ‘দেশু ৭’-এর। সিনেমাটির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে দেবের। পাশাপাশি ছবিটির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি।