ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত বিজয়ের দাবিকে ‘কল্পনাকেও ছাড়িয়ে যাওয়া এক গালগল্প’ বলে তীব্র কটাক্ষ করেছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধক্ষেত্রের মূল বাস্তবতা ট্রাম্পের মুখে নয়, বরং ইরানের সাধারণ মানুষ, সেনাসদস্য আর তাদের শক্তিশালি ক্ষেপণাস্ত্রই নির্ধারণ করছে।
শনিবার (৩ অক্টোবর) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল মহসেন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্যের কড়া জবাব দেন।
‘আমেরিকার ইতিহাসের সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট’ মেজর জেনারেল মহসেন রেজাই বলেন, আমেরিকার ইতিহাসের সবচেয়ে ব্যর্থ প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক পরাজয়ের পরও ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন কথা বলে যাচ্ছেন। রেজাইয়ের ভাষায়, “ট্রাম্প নিজের কল্পনার জগতে প্রতিদিন জয়ী হতে পারেন, কিন্তু মাঠের আসল বাস্তবতা গড়ে তুলছে ইরানের মাটি ও সেনাবাহিনী।”
উল্লেখ্য, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ হামলা শুরুর পর থেকে ডোনাল্ড ট্রাম্প অন্তত ১০০ বার বিজয়ের দাবি করেছেন। তবে দীর্ঘ ৪০ দিনের যুদ্ধে মার্কিন ও ইসরায়েলি বিভিন্ন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ায় শেষ পর্যন্ত তারা যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়। এই ঘটনা মার্কিন প্রেসিডেন্টের অবাস্তব বিজয়ের দাবিকে মিথ্যা প্রমাণ করেছে।
মার্কিন হুমকি ও চলমান উত্তেজনা বর্তমানেও মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে শত্রুপক্ষের ড্রোন ভূপাতিত করা এবং শত্রুঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরানি সামরিক বাহিনী। তবে মূল যুদ্ধের রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখন ৯০ মিলিয়ন (৯ কোটি) জনসংখ্যার পুরো ইরান রাষ্ট্রকে ধ্বংসের হুমকি দিচ্ছেন। গত বৃহস্পতিবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন—হয় ইরানকে যুক্তরাষ্ট্রের শর্তে একটি ‘ন্যায্য চুক্তিতে’ সই করতে হবে, নয়তো তাদের কোনো অস্তিত্ব থাকবে না।
এর আগে গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও একই ধরনের ধ্বংসাত্মক হুমকি দেন ট্রাম্প। পাশাপাশি সম্প্রতি কাতার সরকারের মধ্যস্থতায় পেশ করা যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি প্রস্তাবও এককভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি।