রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এর আগে মিরপুর-১৩ থেকে মিরপুর-১০ ও হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা ও ভাসমান ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
শফিকুর রহমান বলেন, সড়ক যানবাহন চলাচলের জন্য এবং ফুটপাত পথচারীদের ব্যবহারের জন্য। তবে ফুটপাত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের সরিয়ে দিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। তাদের জন্য উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে।
তিনি বলেন, জীবিকার তাগিদে অনেক মানুষ রাজধানীতে এসে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। এসব ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। চাঁদাবাজি বন্ধ করে নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ তৈরি করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
শফিকুর রহমান আরও বলেন, সিটি করপোরেশন নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ দিলে যৌক্তিক হারে রাজস্বও পেতে পারে। তবে কোনো ধরনের চাঁদাবাজি থাকা উচিত নয়।
মিরপুরে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে তিনি দখলদারি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে উচ্ছেদ কার্যক্রমে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
এর আগে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, নিজের সংসদীয় এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর আগে তাকে অবহিত করা হয়নি। তার মতে, স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পরামর্শ করে অভিযান পরিচালনা করলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।