মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আন্তর্জাতিক উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ শীর্ষক আয়োজনে বিশেষ আমন্ত্রণে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ঐতিহ্যবাহী ‘দ্য সেন্ট রেজিস নিউইয়র্ক’-এ হোয়াইট হাউজের উদ্যোগে এই বিশেষ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান।
আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের শিক্ষার বিকাশ ও ডিজিটাল সুরক্ষা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে আয়োজিত এই বৈশ্বিক প্ল্যাটফর্মে বিশ্বনেতাদের জীবনসঙ্গী (ফার্স্ট লেডি ও জেন্টলমেন) এবং বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিরা একমঞ্চে একত্র হন।
সমাবেশে মূলত শিশুদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা, যুগের উপযোগী ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শেখানো এবং ইন্টারনেট ব্যবহারে শিশুদের নিরাপদ পরিবেশ সুনিশ্চিত করার ওপর সর্বাধিক জোর দেওয়া হয়। বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করার মধ্য দিয়ে শিশুদের জন্য আধুনিক প্রযুক্তি ও মানসম্পন্ন শিক্ষার সুযোগ বৃদ্ধি করাই মেলানিয়া ট্রাম্পের চালু করা এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
বিশ্বমঞ্চে ধারাবাহিক কূটনৈতিক ও সামাজিক উপস্থিতি ডা. জুবাইদা রহমানের এই অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শিশুদের উন্নয়ন ও প্রযুক্তির সুফল বৃদ্ধিতে বাংলাদেশের দৃঢ় ও সক্রিয় অবস্থানের কথা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
উল্লেখ্য, এর আগে গত মার্চে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘গ্লোবাল কোয়ালিশন সামিট’-এও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে যোগ দিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। সেই সম্মেলনে তিনি শিশুদের শিক্ষা, সুস্বাস্থ্য এবং তাদের জন্য দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বাংলাদেশের একটি সময়োপযোগী ও সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরেছিলেন।
গত মার্চের ওয়াশিংটন সম্মেলন এবং বর্তমান সেপ্টেম্বরের নিউইয়র্ক আয়োজন—উভয় বৈশ্বিক প্ল্যাটফর্মেই সফল উপস্থিতির মধ্য দিয়ে শিশুদের কল্যাণ, আধুনিক শিক্ষা এবং নিরাপদ প্রযুক্তির বিশ্ব গড়তে বাংলাদেশের নিরবচ্ছিন্ন আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রতিশ্রুতি আরও একবার পুনরুচ্চারিত হলো।