২০২৭ সালের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণের দরপত্রে অনিয়ম এবং প্রাক্কলিত দর আগেই ফাঁসের অভিযোগ খতিয়ে দেখতে এনসিটিবিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ এ তথ্য জানান।

দুদক বলছে, বিনামূল্যের পাঠ্যবই ছাপার দরপত্রে এনসিটিবির নির্ধারিত প্রাক্কলিত দর কিছু অসাধু ঠিকাদারের কাছে আগেই পৌঁছে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে তাদের সঙ্গে যোগসাজশ করে ওই দর বাড়িয়ে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ ও সরকারি অর্থের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় দরপত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নথি, কাগজপত্র ও রেকর্ড পরীক্ষা করে দুদক টিম। সংগৃহীত তথ্য ও নথিপত্র এখন বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

অন্যদিকে, একই দিন পটুয়াখালীর রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারির ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দাবি ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগেও অভিযান চালিয়েছে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়।