মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট এ নৈশভোজের আয়োজন করেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এই নৈশভোজে অংশগ্রহণের বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। নিউইয়র্ক সফরের প্রথম দিনের গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য প্রকাশ করেন।
প্রথম দিনের কূটনৈতিক সমীকরণ ও একাধিক বৈঠক নৈশভোজে যোগ দেওয়ার আগে সফরের প্রথম দিনেই আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত ব্যস্ত সময় পার করেন বাংলাদেশের সরকারপ্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যায়ক্রমে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে পৃথক সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।
ডোনাল্ড ট্রাম্পের চিঠি ও পূর্ণাঙ্গ সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে একটি প্রেস ব্রিফিংয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠিয়ে সাক্ষাতের আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছেন। তবে বিষয়টিকে পুরোপুরি দ্বিপক্ষীয় উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, উভয় পক্ষের সুবিধাজনক সময়ে পরবর্তীতে কোনো এক পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে সেই বৈঠকের আয়োজন বিবেচনা করা হবে।