কলকাতার জনপ্রিয় দুই তারকা অভিনেতা দীপক অধিকারী দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় দীর্ঘ এক যুগ পর আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন। 'দেশু ৭' সিনেমার মাধ্যমে বহু প্রতীক্ষিত এই জুটিকে আবারও পর্দায় দেখা যাবে। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। ১ মিনিট ৩০ সেকেন্ডের টিজারজুড়ে অ্যাকশন হিরো দেবের পাশাপাশি নজর কেড়েছে শুভশ্রীর সঙ্গে তাঁর রসায়ন। টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

তবে 'দেশু ৭'-এর টিজারের সবচেয়ে বড় চমক অনির্বাণ ভট্টাচার্য। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। তাঁর লালচে-সোনালি চুল, চোখে লাল কাচের চশমা এবং ভিন্নধর্মী লুক ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। এদিকে সিনেমাটির প্রথম গান 'তোর শুধু তোর'-এর টিজারও প্রকাশ পেয়েছে। গত শনিবার গানটির টিজার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দেব ও শুভশ্রী লিখেছেন, 'কিছু সম্পর্ক কখনোই মিলিয়ে যায় না, সেগুলো কেবলই ফিরে আসার পথ খুঁজে নেয়।' তাঁদের এই বার্তাকে ঘিরেও শুরু হয়েছে আলোচনা।

সিনেমাটির প্রচারে দেব তাঁদের পুরোনো সম্পর্ক নিয়েও কথা বলেছেন। তিনি জানান, শুভশ্রী এখন যতটা পরিণত ও বুদ্ধিমান, সেই সময়ও যদি এমনটা থাকতেন, তাহলে হয়তো তাঁদের সম্পর্কের সমীকরণ ভিন্ন হতে পারত। দেব ও শুভশ্রী ২০০৯ সালে প্রথম জুটি বাঁধেন। ২০১৩ সালে 'খোকা ৪২০'-এর পর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। প্রায় এক যুগ পর 'দেশু ৭'-এর মাধ্যমে ফিরছেন এই জনপ্রিয় জুটি। দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি। অভিনয় ও প্রযোজনার পাশাপাশি এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন দেব।