রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শনিবার (৩ অক্টোবর) মিরপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন।

আইনি পদক্ষেপ ও রাজনৈতিক পরিচয় ডিসি রাকিব খাঁন জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে সরাসরি ভাঙচুর ও হামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগে সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তদন্ত সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মিশু মোল্লা শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

ঘটনার প্রেক্ষাপট ও এমপি মিষ্টির পদত্যাগ উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল দুষ্কৃতকারী হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। পরবর্তীতে ভারী যন্ত্রপাতি এনে স্বাস্থ্যকেন্দ্রটির একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে।

ঐ ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নামও ব্যাপকভাবে আলোচনায় আসে। হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় প্রধানমন্ত্রী তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। নির্দেশনার পর গত ১ অক্টোবর তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন।